আজকের বিশেষ খবর
মাদারীপুরে সেতুর রেলিং ভেঙে বাস খালে, নিহত ৭ মাদারীপুর প্রতিনিধি, মাদারীপুর সদর উপজেলায় সেতুর রেলিং ভেঙে একটি বাস খালে পড়ে সাত জন নিহত হয়েছেন; আহত হয়েছেন অন্তত ২৫ জন। শুক্রবার বেলা সোয়া ৩টার দিকে সমাদ্দার ব্রিজে এ দুর্ঘটনা ঘটে বলে মাদারীপুর সদর থানার ওসি জিয়াউল মোরশেদ জানান। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। এরা হলেন- বরিশালের তারাবুনিয়া গ্রামের সুফিয়া বেগম (৩৫), বরিশালের উজিরপুর উপজেলার হীরালাল (৪০) ও ঢাকার টিটু (৩৫)। আহতদের সদর হাসপাতাল, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে। মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মনিরুজ্জামান ফকির বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা সুগন্ধা পরিবহনের বাসটি পিরোজপুরের ভান্ডারিয়া যাচ্ছিল। মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের সমাদ্দার ব্রিজের উপর ওঠার পর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি নিচে খালে পড়ে যায়। মাদারীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নজরুল ইসলাম বলেন, স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। সদর থানার ওসি জিয়াউল মোর্শেদ বলেন, “বেশ কয়েকজন গুরুতর আহত রয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।”
কোন মন্তব্য নেই